কুষ্টিয়ায় তিন শ্রমিকের রহস্যজনক মৃত্যু
কুষ্টিয়ার কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁদের মৃত্যু নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। নিহত তিন শ্রমিক হলেন মেহেদী হাসান (২৮), রিপন হোসেন (৪৫) ও মিন্টু (৪৬)। এ ঘটনায় সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করার জন্য কারখানার ভেতরে যেতে চাইলে নিরাপত্তায় নিয়োজিত কর্মচারীরা বাধা দেন। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও কারখানা সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কিয়াম মেটালের ভেতরে ফার্নেস তেলবাহী দুটি ট্যাঙ্ক লরি ঢোকে। এ সময় একটি লরির (ঢাকা মেট্রো-ট-০২-০৪৩৯) শ্রমিকেরা তেল আনলোড করতে শুরু করেন। লরির ওপরের ঢাকনা খুলতে গিয়ে তেলের ভেতরে এক শ্রমিক পড়ে যান। অপর এক শ্রমিক তাঁকে উদ্ধার করতে ট্যাঙ্কের ভেতরে নামেন। তাঁদের দুজনের কোনো সাড়া না পেয়ে তৃতীয়জনও ভেতরে ঢোকেন। তিনজনই অক্সিজেনের অভাবে মারা যান। ঘটনার পর কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা রাত আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করেন। তাঁদের শরীর কালো হয়ে গেছে।এদিকে, ঘটনার সংবাদ পেয়ে সাংবাদিকেরা সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা কারখানার প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে থেকে সাংবাদিকেরা চলে যান। এ খবর ছড়িয়ে পড়লে কয়েক শ শ্রমিক কারখানায় ছুটে যান। তবে উপস্থিত মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক প্রথম আলো ডটকমকে বলেন, তেলের লরির ভেতরে একজন শ্রমিক পড়তে পারে। পরপর তিনজন কীভাবে পড়ে। ঘটনার পর কেনই বা সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেওয়া হলো না? কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক শওকত হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অক্সিজেনের অভাবে তিনজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে কারখানার প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ইফতারের আগে ট্যাঙ্ক লরি দুটো কারখানার ভেতরে ঢোকে। লরির ভেতরে তাঁরা কীভাবে পড়ল তা জানি না।’