কুষ্টিয়ায় দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় র্যাব সদস্যরা গতকাল শুক্রবার অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছেন। উপজেলার মীরেরপাড়া এলাকা থেকে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা উপজেলার মীরেরপাড়া গ্রামের মোয়াজ্জেম (৬০) এবং ইনসাফনগর এলাকার শাহাজুল ইসলাম (২২)। তাঁরা একটি সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী চক্রের সদস্য। র্যাব তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচটি গুলি উদ্ধার করেছে।র্যাব জানায়, মোয়াজ্জেম ও শাহাজুল সঙ্গীসহ মীরেরপাড়া গ্রামে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব পাল্টা গুলি ছুড়লে শাহাজুলের পায়ে গুলি লাগে। র্যাব পরে মোয়াজ্জেম ও শাহাজুলকে আটক করে। অন্যরা পালিয়ে যান। শাহাজুলকে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই আটককৃত মোয়াজ্জেমকে দৌলতপুর থানা-পুলিশে সোপর্দ করে র্যাব। এ ব্যাপারে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।