কুষ্টিয়ায় দুই চরমপন্থী, মিরসরাইয়ে সন্ত্রাসী ‘বন্দুকযুদ্ধে’ নিহত
কুষ্টিয়া সদর এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গত বুধবার দিবাগত রাতে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার খর্দ বাখৈল গ্রামের মোহাম্মদ আলী মণ্ডল (৪৫) ও দরবেশপুর গ্রামের মান্নান মোল্লা (৪২) এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া গ্রামের আখতারুজ্জামান ওরফে খুশবু (৩৮)।পুলিশ ও র্যাবের ভাষ্যমতে, নিহত মোহাম্মদ আলী ও মান্নান দুজনই চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের সক্রিয় সদস্য ছিলেন। আর আখতারুজ্জামান চট্টগ্রামের সন্দ্বীপ থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী ছিলেন।কুষ্টিয়া: সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিমের বক্তব্য অনুযায়ী, গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে সদর থানা ও গোয়েন্দা পুলিশ এবং র্যাব-১২-এর সদস্যরা জানতে পারেন, চরমপন্থী সন্ত্রাসীরা সদর উপজেলার দরবেশপুর গ্রামের একটি বাঁশবাগানে অস্ত্র নিয়ে বৈঠক করছে। পুলিশ ও র্যাবের যৌথ দল রাত দুইটার দিকে সেখানে অভিযান চালায়। টের পেয়ে চরমপন্থীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালান। প্রায় ১৫ মিনিট ‘বন্দুকযুদ্ধের’ পর চরমপন্থীরা পিছু হটে। পরে এলাকাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখেন। এলাকাবাসী লাশ দুটি আলী মণ্ডল ও মান্নান মোল্লার বলে শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে দোনলা দুটি বন্দুক, একটি রিভলবার, ১৯টি গুলি, তিনটি গুলির খোসা ও আটটি ককটেল উদ্ধার করেছে।সি এ হালিম জানান, বন্দুকযুদ্ধের সময় তারিকুল ইসলাম, আশরাফ ও রণবীর নামে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তাঁদের জেলা পুলিশ লাইনের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি জানান, আলী মণ্ডলের বিরুদ্ধে কুষ্টিয়া সদর, মিরপুর, দৌলতপুর ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় পাঁচটি হত্যা মামলা রয়েছে। মান্নান মোল্লার বিরুদ্ধেও ওই থানাগুলোয় তিনটি হত্যা ও একটি ডাকাতি মামলা রয়েছে। দুজনই ২০০৫ সালে মিরপুর থানায় করা পাঁচটি হত্যা মামলার আসামি।মিরসরাই: চট্টগ্রাম র্যাব-৭ ও মিরসরাই থানা পুলিশের ভাষ্যমতে, বুধবার রাতে র্যাবের সদস্যরা খবর পান, আখতারুজ্জামান ও তাঁর সহযোগীরা মিরসরাইয়ের ডোমখালী বেড়িবাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত সোয়া একটার দিকে সেখানে অভিযান চালান র্যাবের সদস্যরা। টের পেয়ে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ১২ থেকে ১৩টি গুলিবিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে খুশবুর লাশ উদ্ধার করে র্যাব।র্যাব-৭-এর ক্যাপ্টেন তামজিদ আবদুর রহমান বলেন, বন্দুকযুদ্ধের পর ডোমখালী বেড়িবাঁধ থেকে একটি দেশি বন্দুক, একটি এলজি, একটি চাপাতি, একটি ধামা, তিনটি কার্তুজ, এসএমজি ও বন্দুকের গুলির নয়টি খোসা উদ্ধার করা হয়েছে।সন্দ্বীপ থানার উপপরিদর্শক (এসআই) কাজী আবদুল কুদ্দুস প্রথম আলোকে জানান, খুশবু দীর্ঘদিন ধরে সন্দ্বীপ, মিরসরাই, সীতাকুণ্ড, কুমিরাসহ উপকুলীয় অঞ্চলে হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে লিপ্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে সন্দ্বীপ থানায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজিসহ অন্তত ১৪টি মামলা আছে।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে খুসবুর লাশ তাঁর পরিবারেব কাছে হস্তান্তর করা হয়েছে।