কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬০, গ্রেপ্তার ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার তিনটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ৬০ জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।আজ শুক্রবার সকাল আটটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের কমলাপুর, গোপালপুর ও বাহারপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুই পক্ষের ১৬ জনকে গ্রেপ্তার করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় ইদবার রহমান মণ্ডল (৭০), তোরাব আলী মণ্ডল (৫০), জরিনা (৫৫), ফারুক (৩০), ইদবার বিশ্বাস (৪৫), আলম (৩৫) ও আবদুল কুদ্দুসকে (৫০) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওই সব গ্রামে স্থানীয় লস্কর গ্রুপের শাজাহান মেম্বার ও মণ্ডল গ্রুপের আছির উদ্দিনের নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে ও আজ সকাল আটটায় দফায় দফায় সংঘর্ষ হয়। এতে নারীসহ উভয়পক্ষের ৬০ জন আহত হয়। এ সময় বেশ কটি বাড়ি ভাঙচুরসহ লুটপাটের ঘটনা ঘটে।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম জানান, এ ঘটনায় জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।