কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় মুঠোফোন চুরির ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গ্যাদন ফকির (৬০) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়া শহরতলির জুগিয়া পাথর গাদির মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গতকাল রাতে কুষ্টিয়া শহরতলির জুগিয়া পাথর গাদির এলাকার সাদ্দামের কাছ থেকে একটি মোবাইল ফোন সরিয়ে নেয় একই এলাকার মাহাবুল। এ নিয়ে গতকাল রাতে তার পরিবারের কাছে বিচার দিলে তারা মাহাবুলকে মারধর করে মোবাইলটি সাদ্দামকে ফেরত দেয়। আজ সকাল সাড়ে নয়টার দিকে মাহাবুলের বাড়ির পাশ দিয়ে সাদ্দামের ভাই সিদ্দিক যাওয়ার সময় মাহাবুল তাঁকে গালাগাল করে। সিদ্দিক বাড়ি গিয়ে বিষয়টি জানালে দল বেঁধে তাঁরা মাহাবুলদের বাড়িতে আসে। এ নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মাহাবুলের চাচা গ্যাদন ফকির (৬০) ঘটনাস্থলেই মারা যান।কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।