ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সৌদিপাড়া গ্রামে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে ওই সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। গুলিবিদ্ধ ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গণসংযোগের সময় ভোট চাওয়াকে কেন্দ্র করে ইউনিয়নের দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি-সমর্থিত রিয়াজ উদ্দিন ও আওয়ামী লীগ-সমর্থিত জহিরুল ইসলামের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে রিয়াজ উদ্দিনের সমর্থক সৌদিপাড়া গ্রামের জিন্নাত ঠাকুরের দুই ছেলে জিয়ারুল ইসলাম (৩০) ও তাঁর ছোট ভাই শফিকুল ইসলাম (২৮) গুলিবিদ্ধ হন। ধারালো অস্ত্রের আঘাতে আহত হন জহিরুল ইসলামের সমর্থক একই এলাকার শিল্টু (২০), ময়নুল (২৫) ও কালাচাঁদ (৩৬)। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। গুরুতর জখম একজনকে রাজশাহীতে পাঠানো হয়েছে। তা ছাড়া আর তিনজন সামান্য আহত হয়েছেন। তবে গুলিবিনিময়ের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।