কুষ্টিয়ায় দুই বোনকে উত্ত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড
কুষ্টিয়ায় কলেজ ছাত্রী দুই বোনকে উত্ত্যক্ত করার দায়ে ইকবাল চৌধুরী (২৫) নামের এক বখাটে যুবককে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে কুষ্টিয়া কোর্টস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে দুই বোন কুষ্টিয়া সরকারি কলেজে যাওয়ার পথে ইকবাল চৌধুরীসহ কয়েকজন যুবক তাঁদের উদ্দেশ করে অশালীন উক্তি করেন। তাঁরা বিষয়টি কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাকে জানায়। পরে পুলিশ ইকবালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালত ইকবালকে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ইকবাল কুষ্টিয়া কোর্টস্টেশন এলাকার ইয়াজ উদ্দিনের ছেলে এবং কুষ্টিয়া সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ইরতিজা আহমেদ ও কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম।