কুষ্টিয়ায় দুই যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে কুষ্টিয়ায় দুই যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, তাঁরা ছিনতাইকারী। কিন্তু পরিবার বলছে, তাঁরা নির্দোষ। র‌্যাব পরিকল্পিতভাবে তাঁদের গুলি করে হত্যা করেছে। তাঁদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে।নিহত দুই যুবক হলেন জিয়াউর রহমান (৩৬) ও আবদুস সালাম (৩৩)। গত শনিবার গভীর রাতে কুষ্টিয়া সদর উপজেলার ঝিনাইদহ মহাসড়কের স্বস্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।গতকাল র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত দুজনই ছিনতাইকারী চক্রের সদস্য। র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ে তাঁরা নিহত হয়েছেন। র‌্যাবের বিজ্ঞপ্তিতে তাঁদের ‘অজ্ঞাত’ হিসেবে উল্লেখ করা হয়।র‌্যাবের ভাষ্য: বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত একটা ৪০ মিনিটে কুষ্টিয়া র‌্যাব জানতে পারে, একদল ছিনতাইকারী একটি সিএনজি (অটোরিকশা) ছিনতাই করে শহরের দিকে আসছে। এরপর ছিনতাইকারীদের ধরতে র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) লিয়াকত আলী খান কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের স্বস্তিপুর এলাকায় চেকপোস্ট বসান। এ সময় ওই সিএনজিচালিত অটোরিকশাটি চেকপোস্টের কাছে এলে তিনি থামতে বলেন। কিন্তু সেটি না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব এ সময় সিএনজির পিছু নিলে ছিনতাইকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে অটোরিকশাটি উল্টে পড়ে যায়। তখন গাড়ির ভেতর থাকা দু-তিনজন পালিয়ে যায়। পরে স্থানীয় লোক, পুলিশ ও র‌্যাবের সদস্যরা রাত সোয়া তিনটার দিকে দুই ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তাদের পাশে একটি বিদেশি পিস্তল, দুটি গুলিসহ একটি ম্যাগাজিন, কার্তুজসহ একটি দেশীয় এলজি, একটি চাপাতি, একটি বড় হাঁসুয়া, একটি চায়নিজ কুড়াল পাওয়া যায়। ওই ঘটনায় র‌্যাব ২৫টি গুলি ছোড়ে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের ক্যাপ্টেন আবদুল্লাহ আল মেহেদী গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিহত দুজন সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তাঁরা চারজন মিলে গাড়িটি গাজীপুর থেকে ছিনতাই করে পাবনা হয়ে ঝিনাইদহে যাচ্ছিলেন। র‌্যাবের কাছে তথ্য আছে, গাড়ির চালককে তাঁরা মেরে ফেলেছেন। সঙ্গে থাকা আরেকজনকেও মেরে ফেলা হয়েছে। সিএনজি গাড়িটি জিয়ার খালুর জামাতার কি না, জানতে চাইলে তিনি বলেন, এটা পরিবারের লোকজন মিথ্যা বলছে।মামলা নেই: কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, নিহত দুই যুবকের বিরুদ্ধে জেলার কোনো থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা নেই। এমনকি এলাকাবাসীর কোনো মৌখিক অভিযোগও নেই।পরিচয়: এলাকায় গিয়ে জানা যায়, জিয়াউর রহমান ঢাকায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তৃতীয় বর্ষ পর্যন্ত পড়ে ব্যবসায় জড়িয়ে পড়েন। সর্বশেষ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নেন। সালাম এইচএসসি পাসের পর কুষ্টিয়া বিএটিএতে মৌসুমি কাজ করতেন। তিনি চৌড়হাস এলাকায় বেবিট্যাক্সি স্ট্যান্ডের সমন্বয়কারী ছিলেন। সালাম কুষ্টিয়া শহরতলির চৌড়হাস এলাকার আজাহার আলী এবং জিয়া পার্শ্ববর্তী জগতি এলাকার ফজলুল হকের ছেলে।এলাকাবাসীর কথা: গতকাল সকালে স্বস্তিপুর এলাকায় একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি প্রথম আলোকে বলেন, ‘রাত পৌনে দুইটার দিকে আমি ১০-১২টি গুলির শব্দ শুনতে পাই। পরে পুলিশ এসে আমাকে ডেকে তোলে। আমরা গিয়ে দুটি লাশ পড়ে থাকতে দেখি। রাতেই পুলিশ লাশ দুটি মর্গে নিয়ে যায়।’ সদর থানার পুলিশ জানায়, কুষ্টিয়া মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। খবর পেয়ে নিহত দুজনের পরিবারের লোকজন গতকাল রোববার বেলা ১১টায় হাসপাতালের মর্গে লাশ দুটি শনাক্ত করেন। লাশের ময়নাতদন্তকারী কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার প্রথম আলোকে বলেন, দুপুর আড়াইটার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একজনের শরীরে তিনটি ও অপরজনের শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ২০-২২ হাত দূরত্ব থেকে ছোড়া গুলিতে তাঁরা নিহত হয়েছেন।পরিবারের কথা: নিহত জিয়ার বাবা ফজলুল হক প্রথম আলোকে বলেন, ২০০৫ সালে ঢাকায় সিএ পড়ার সময় তাঁর ছেলে কুষ্টিয়ার স্বস্তিপুর এলাকার জিয়াউল ইসলাম ওরফে প্রিন্সের সঙ্গে ফাইন আর্টস এডুকেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং নামে যৌথ ব্যবসা শুরু করে। ফজলুল হক বলেন, ২০১০ সাল পর্যন্ত এই ব্যবসার জন্য তিনি নিজের চাকরির পেনশনের টাকাসহ প্রায় ১৫ লাখ দেন। ওই বছরই ছেলেকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। পরে এ বছরের শুরুর দিকে কুষ্টিয়া এমআরএস কোম্পানিতে সহকারী ব্যবস্থাপক হিসেবে কাজ শুরু করে। সেখানেও প্রিন্স প্রভাব খাটিয়ে তাঁকে বের করে দেন। এ অবস্থায় ছেলের বিরুদ্ধে প্রিন্স মিথ্যা মামলা করে। নিহত জিয়ার স্ত্রী মুসলিমা খাতুন সাত মাসের অন্তঃসত্ত্বা। জান্নাতুল মাওয়া নামের তাঁর দুই বছরের একটি মেয়ে আছে।জিয়ার ছোট ভাই মিজানুর রহমান বলেন, রাত সাড়ে আটটার দিকে তিনি খবর পান, বোয়ালিয়া ও শেখপাড়া এলাকার মাঝামাঝি জায়গা থেকে তাঁর ভাইসহ চারজনকে র‌্যাব ধরে নিয়ে গেছে। এ ব্যাপারে তাঁর চাচা এনামুল হক রাত ১০টার দিকে কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে যোগাযোগ করেন। ক্যাম্প থেকে বলা হয়, তদবির করে কোনো কাজ হবে না।জিয়ার পরিবারের কেউ কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে যোগাযোগ করেনি বলে ক্যাপ্টেন মেহেদী জানান।নিহত সালামের ভাই আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, সালাম জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড়। ঢাকায়ও খেলেছে। পায়ে আঘাত পাওয়ার পর আগের মতো আর খেলতে পারেন না। গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তাঁর বাড়িতে স্ত্রী শাহানাজ পারভীন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার শিশুসন্তানের কী হবে!’ সালামের মা বলেন, ‘বিকেলে ছেলেকে নিজে হাতে খাওয়াইছি, বেটা আমার আর ফিরি আইল না।’