কুষ্টিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে সদর ও মিরপুর উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ জামায়াত-শিবিরের আরও ছয়জন কর্মীকে গ্রেপ্তার করে।কুষ্টিয়া মডেল থানার উপপরির্দশক (এসআই) আবদুল আজিজ প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে এই থানার এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি ও পুলিশের ওপর হামলার অভিযোগে আরেকটি মামলা করেন। পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় জামায়াতের ২৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে।কুষ্টিয়া মডেল থানার পুলিশ জানায়, গতকাল রাতে সদর থেকে দুজন ও মিরপুর থেকে চারজনসহ জামায়াত-শিবিরের মোট ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হলো।কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, জামায়াত ও শিবিরের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হন। তাঁদের মধ্যে পাঁচজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলবে বলে তিনি জানান।