কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হামলায় যুবক নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে গতকাল বুধবার রাতে দুষ্কৃতকারীদের ধারালো অস্ত্রের আঘাতে হালিম মাহমুদ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হালিম কুমারখালী উপজেলার সদকী মহাম্মদপুর গ্রামের লুত্ফর রহমানের ছেলে।এ ব্যাপারে নিহত হালিমের পরিবার কুমারখালী থানায় একটি হত্যা মামলা করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে কুমারখালী উপজেলার হিজলাকর বেড়িবাঁধের ওপর দুষ্কৃতকারীদের ধারালো অস্ত্রের আঘাতে হালিম ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, হালিমের মুখে ধারালো অস্ত্রের অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে।নিহত হালিমের পরিবারের লোকজন পুলিশকে জানায়, পার্শ্ববর্তী পাংশা উপজেলার একটি মেয়ের সঙ্গে হালিমের প্রেম ছিল। এক মাস আগে হালিম ওই মেয়েকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন। সে দিনই হালিমের পরিবারের লোকজন ওই মেয়ের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে মেয়েটিকে তার নিজ পরিবারের হাতে তুলে দেয়। কিন্তু এ ঘটনা ঘটানোর জন্য মেয়েটির পরিবারের লোকজন হালিমকে এক মাসের মধ্যে মেরে ফেলার হুমকি দেয়।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান হালিমের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।