কুষ্টিয়ায় নারী চরমপন্থীরা সক্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় চরমপন্থী সংগঠনগুলোর শীর্ষস্থানীয় নেতারা নিহত এবং জীবিত নেতারা কোণঠাসা হলেও নারী-সদস্যরা সক্রিয় রয়েছেন। বৃহত্তর কুষ্টিয়ায়ই এমন নারী-চরমপন্থীর সংখ্যা ২০ থেকে ২২। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, প্রথম দিকে চরমপন্থী সংগঠনগুলোর নারী-সদস্যরা নেতাদের সঙ্গে থেকে অপরাধ কর্মকাণ্ড ঘটাতেন। এসব নারীকে চরমপন্থীদের অস্ত্র বহনে ব্যবহার করা হতো। প্রতিপক্ষ সংগঠনের কোনো সদস্যকে বা কোনো ধনাঢ্য ব্যবসায়ীকে বিভিন্ন কৌশলে অপহরণের জন্যও তাঁদের ব্যবহার করা হয়। পুলিশের দাবি, নারী-চরমপন্থীদের মাধ্যমে অপহরণের পর হত্যা করা হয়েছে, এমন তিনজনের লাশ গত মাসে পুলিশ জেলার দৌলতপুর উপজেলার তারাগনিয়া এলাকা থেকে মাটি খুঁড়ে উদ্ধার করে। লাশ তিনটির পরিচয় জানা যায়নি। এ ছাড়া কয়েক দিন আগে অপহূত একজন কাপড়-ব্যবসায়ীকেও পুলিশ উদ্ধার করেছে। তিনিও নারী-চরমপন্থীদের হাতে অপহূত হয়েছিলেন।সূত্র জানায়, সম্প্রতি চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর শীর্ষ নেতা ওবাইদুল ইসলাম ওরফে লাল ও সংগঠনের আরেকটি অংশের শীর্ষ নেতা আজিবর মেম্বার প্রতিপক্ষের নেতা-কর্মীদের হাতে ভারতে নিহত হন। এ ছাড়া গত পাঁচ মাসে কুষ্টিয়া অঞ্চলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ৩১ জন চরমপন্থী সদস্য। সম্প্রতি চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের শীর্ষ নেতা আমিনুল ইসলাম ওরফে মুকুলও ভারতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন। এ ছাড়া গত কয়েক মাসে অস্ত্রসহ গ্রেপ্তার হন বিভিন্ন চরমপন্থী সংগঠনের নারী-সদস্যসহ অর্ধশত সদস্য। চরমপন্থী সংগঠনে নারীদের সম্পৃক্ততার তথ্য অনেক আগেই পুলিশের কাছে ছিল। ২০০৮ সালে চরমপন্থী নেতা দাদা তপন বান্ধবী রিক্তাসহ নিহত হলে বিষয়টি পুরোপুরি পুলিশের নজরে আসে। এর পর থেকে নারী-চরমপন্থীদের ধরতে অভিযান জোরদার করা হয়।সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, গত ২ নভেম্বর রাতে পুলিশের কুষ্টিয়া গোয়েন্দা শাখা তাসলিমা খান ও রানী আক্তারকে একে-৪৭ রাইফেল ও ৮২টি গুলিসহ গ্রেপ্তার করে। তাসলিমা কুষ্টিয়া শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। অস্ত্রসহ গ্রেপ্তারের পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তাসলিমা ও রানী গণমুক্তিফৌজের হয়ে কাজ করতেন। গত ৫ নভেম্বর দুপুরে পুলিশ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) বৈশাখী রহমানকে এবং পরদিন গণমুক্তিফৌজের নাহিদ পারভীনকে গ্রেপ্তার করে। সর্বশেষ গত ২৫ ডিসেম্বর পুলিশ গণমুক্তিফৌজের বীথি ওরফে দুলিকে গ্রেপ্তার করে।নারী-চরমপন্থী সদস্যদের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, চরমপন্থী সংগঠনগুলোর নারী-সদস্যদের কেউ কেউ সমাজের উচ্চবিত্ত পরিবারের সদস্য। আবার কেউ কেউ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের। আবার তাঁদের মধ্যে কয়েকজন আছেন, যাঁরা সম্প্রতি বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তিদের মেয়ে বা স্ত্রী। কেউ কেউ আবার মাদকাসক্ত হয়ে টাকার জন্য চরমপন্থী সংগঠনে নাম লিখিয়েছেন।এ ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘খোঁজ নিয়ে দেখেছি, নারী-চরমপন্থীরা সক্রিয় হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু পুলিশের অভিযানের ফলে তা আর সম্ভব হয়ে উঠছে না।’আলমগীর হোসেন জানান, তাসলিমার ভাই নিপুর বন্ধু ছিলেন গণমুক্তিফৌজের শীর্ষ নেতা শাহীন ওরফে রুমী। নিপুর বাড়িতে যাতায়াতের ফলে তাসলিমার সঙ্গে শাহীনের পরিচয় হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতা বাচ্চু চেয়ারম্যান হত্যার কারণে কুমারখালী থানার একটি মামলায় এবং সদর থানায় করা একটি অস্ত্র মামলায় জড়িত থাকার অভিযোগে তাসলিমা এখন জেলহাজতে রয়েছেন। রানী আক্তার গ্রেপ্তার হওয়ার আগে স্বামী গুড় সোহেল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। গুড় সোহেল গণমুক্তিফৌজের সদস্য। সদর থানায় অস্ত্র আইনে মামলায় রানী এখন জেলহাজতে। ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সংগঠনের সদস্য রায়হান জানিয়েছেন, তাসলিমা ও রানীর কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র বাচ্চু চেয়ারম্যান হত্যা মামলায় ব্যবহূত হয়েছিল।আলমগীর হোসেন আরও জানান, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) বৈশাখী রহমান বর্তমানে সবুজ হত্যা, ভেড়ামারা থানায় বিস্ফোরক মামলা এবং আনোয়ার অপহরণ মামলায় জড়িত থাকার অভিযোগে জেলহাজতে। সবুজকে বৈশাখী বিয়ে করলেও পরে রিমন নামের এক যুবকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সবুজ ও রিমন জনযুদ্ধের সক্রিয় কর্মী।জানা যায়, নাহিদ পারভীন দীর্ঘদিন ধরে চরমপন্থী সংগঠনের অস্ত্র আদান-প্রদান ও মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তাঁর ভাই বিল্লাল গণমুক্তিফৌজের শীর্ষ নেতা শাহীনের বন্ধু ছিলেন। নাহিদ পারভীনের বড় বোন নাসরিনও সংগঠনটির সদস্য। নাহিদ ভেড়ামারা থানায় করা মেহেরুল ও বান্দা ফাত্তাহ হত্যা মামলায় বর্তমানে জেলহাজতে। সর্বশেষ গ্রেপ্তার হওয়া বীথি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত গণমুক্তিফৌজের ক্যাডার বিপ্লবের বান্ধবী ছিলেন। বাচ্চু হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে বীথিও জেলহাজতে।কুষ্টিয়ার পুলিশ সুপার শাহাবুদ্দিন খান প্রথম আলোকে বলেন, চলমান অভিযানের ফলে চরমপন্থীরা এখন কোণঠাসা হয়ে পড়েছে। তাঁদের বেশির ভাগ সদস্য বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নিজেদের মধ্যে সংঘাতেও নিহত হয়েছেন অনেকে।