কুষ্টিয়ায় নির্যাতিত সেই মেয়েটিকে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় মা ও মেয়েকে থানায় আটকে রেখে নির্যাতনের ঘটনায় নির্যাতিত মেয়েটিকে ২৯ নভেম্বর আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। গত ২৮ সেপ্টেম্বর ‘প্রথম আলো’য় ‘৫৪ ধারা, খুনের মামলা, তার আগে মা-মেয়েকে আটকে রেখে নির্যাতন!’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। গত ১ অক্টোবর এটি আদালতের নজরে আনেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য ফাহিমা নাসরিন। শুনানি নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত রুল জারি করেন। রুলে ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। সেই সঙ্গে কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ভূমিকা জানাতে ১৬ অক্টোবর আদালতে হাজির হতে নির্দেশ দেন। পরে ওসিকে অব্যাহতি দেওয়া হয়। এ ব্যাপারে পরে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ পরবর্তী আদেশের জন্য বিষয়টি ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা ইতিমধ্যে প্রতিবেদন দাখিল করেছেন। ২৯ নভেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আদালত ওই দিন মেয়েটিকে নিয়ে আসতে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিকে বলেছেন।’