কুষ্টিয়ায় পদ্মা থেকে আরেকটি লাশ উদ্ধার
কুষ্টিয়ায় আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তিনজন খুনের ঘটনায় পুলিশ আরও একজনের লাশ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে পাবনা সদর উপজেলায় পদ্মা নদীর কাথুলির চর থেকে আনসার আলী (৪৫) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। আনসার আলী খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামের বাসিন্দা। এখনো চেয়ারম্যান নুরুল ইসলামের লাশ পাওয়া যায়নি।খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার প্রথম আলো ডটকমকে জানান, বেলা একটার দিকে কাথুলির চরে মাছ ধরার সময় জেলেরা চরের কাশবনে বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ দেখে পুলিশকে খবর দেন। বেলা দুইটার দিকে পাবনা সদর থানা ও খোকসা থানার পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। আনসার আলীর লাশ তাঁর পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।গত মঙ্গলবার বেলা দুইটার দিকে পদ্মা নদীতে শিলাইদহ খেয়াঘাটে নৌকার ওপর সাত-আটজন অস্ত্রধারী প্রকাশ্যে খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, আমবাড়িয়া গ্রামের আনসার আলী ও মনিরুল ইসলাম ওরফে ভুট্টুকে প্রথমে গুলি ও পরে জবাই করে হত্যা করে। এ ঘটনায় আহত মাছ ব্যবসায়ী আজমত আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। নুরুল ইসলামের বড় ভাই আবুল কাশেম বাদী হয়ে গতকাল বুধবার দুপুরে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও বেশ কজনকে আসামি করে মামলা করেছেন।