কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার, যান চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় সড়ক সংস্কারের দাবিতে ডাকা ধর্মঘট আজ সোমবার দুপুরে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসন, পরিবহন মালিক ও শ্রমিকদের ত্রিপক্ষীয় বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দিয়ে আজ বেলা একটা থেকে বাস-ট্রাক চালানোর কথা জানান পরিবহন মালিক ও শ্রমিকেরা।আজ সোমবার সকাল ছয়টা থেকে পরিবহন মালিক ও শ্রমিকেরা ধর্মঘট শুরু করে। এ ব্যাপারে সমঝোতায় পৌঁছাতে জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে সকাল ১০টা থেকে সার্কিট হাউসে বৈঠক শুরু হয়। প্রশাসন তাদের সাধ্যমতো সড়ক সংস্কারের কথা জানালে দুপুর ১২টায় বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন মালিক ও শ্রমিকেরা।কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম প্রথম আলোকে বলেন, ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সকাল থেকে পরিবহন ধর্মঘট শুরু হলে কুষ্টিয়ার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজ সকালে কুষ্টিয়ার চৌড়হাস কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মজমপুর বাস ডিপো থেকে কোনো বাস ছেড়ে যায়নি। বন্ধ থাকে কুষ্টিয়া থেকে ঢাকা, খুলনা, রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলগামী দূরপাল্লার গাড়ি। ফলে দুর্ভোগে পড়ে যাত্রীরা। জেলার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ বৈঠকে বলেন, পরিবহন শ্রমিকেরা চাঁদাবাজি করছেন—এমন অভিযোগ পুলিশের কাছে আছে। এ ব্যাপারে পরিবহন মালিক ও শ্রমিকনেতারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।বৈঠকে জেলা সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী হাসিবুর রহমান আবারও দাবি করেন, কোনো টাকা নেই। তিনি যতটুকু পারেন রাস্তা মেরামতে ততটুকু করার চেষ্টা করবেন।কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।গতকাল রোববার কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপ কার্যালয়ে এক জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় কুষ্টিয়া মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সভা শেষে জানানো হয়, রাস্তা খারাপের কারণে কুষ্টিয়ার সব রুটে গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বারবার কর্তৃপক্ষকে রাস্তা মেরামতের তাগাদা দেওয়া হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে তারা বাধ্য হয়েই ঢাকাসহ সব রুটে বাস, ট্রাকসহ যানবাহন বন্ধের ঘোষণা দেয়।