কুষ্টিয়ায় পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩
কুষ্টিয়ায় পুলিশ গতকাল সোমবার অভিযান চালিয়ে পলাতক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। মিরপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোফাজ্জেল হোসেন (৩৫), হেলাল উদ্দিন (২৭) ও ঝন্টু মিয়া (৬০)। পুলিশের দাবি, মোফাজ্জেল চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। হেলাল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হত্যা মামলার পলাতক আসামি। ঝন্টু দুই বছর তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।মিরপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ গতকাল সকালে মোফাজ্জেলকে মিরপুর উপজেলার পোড়াদহ এলাকা থেকে আটক করে। পরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি তাঁর হেফাজতে অস্ত্র আছে বলে স্বীকার করেন। তাঁর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ গতকাল রাত রাত একটার দিকে অঞ্চনগাছি গ্রামে জনৈক নুরুল ইসলামের পুকুর থেকে দুই রাউন্ড গুলিসহ একটি দেশি এলজি উদ্ধার করে।হেলালকে একই উপজেলার ভেদামারী গ্রাম থেকে গতকাল দুপুরে গ্রেপ্তার করা হয়। তিনি একই গ্রামের ইউপি সদস্য হত্যা মামলার পলাতক আসামি। আর ঝন্টুকে পুলিশ গতকাল বিকেলে পূর্ব গোবিন্দপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মোফাজ্জেল চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত এবং হত্যা মামলার বিচারাধীন পলাতক আসামি। অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।