কুষ্টিয়ায় পুলিশ-জনতা সংঘর্ষে আহত ৫০, গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ আসন্ন পৌর নির্বাচনে ভোটাধিকারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে গেলে র‍্যাব-পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। আজ রোববার সকাল ১০টায় শুরু হওয়া এ সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ প্রায় অর্ধশতাধিক মানুষ আহত এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।সংঘর্ষ চলাকালে ডিসি কোর্টসংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক তিন ঘণ্টা বন্ধ ছিল। বেলা একটায় যান চলাচল স্বাভাবিক হয়। গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন রাকিব, কালাম, রাশেদ, দুর্জয়, মিজান ও মঈন।মজমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বশিরুল আলম বলেন, ‘সম্প্রতি প্রকাশিত সরকারি গেজেটে মজমপুর, বারোখাদা ও জগতি ইউনিয়নকে বিলুপ্ত করে কুষ্টিয়া পৌরসভার সীমানার মধ্যে নিয়ে আসা হয়। কিন্তু এবারের পৌরসভা নির্বাচন স্থানীয় সরকার পুরোনো সীমানায় করবে বলে ঘোষণা দিয়েছে। ফলে আমরা এই তিন ইউনিয়নের ৬৭ হাজার মানুষের ভোটাধিকারের দাবিতে আন্দোলনে নেমেছি। আজ সকাল ১০টার দিকে হাজার হাজার মানুষ নিয়ে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারকলিপি দিতে যায়। এ সময় পুলিশ অন্যায়ভাবে আমাদের ওপর লাঠিচার্জ করে। এতে জনতা বিক্ষুব্ধ হয়ে পড়ে। আমরা সদর থানা পুলিশের ওসির বিচার চাই।’প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে ভোটাধিকারের দাবিতে কুষ্টিয়া শহরসংলগ্ন মজমপুর, বারোখাদা ও জগতি ইউনিয়নের ৩০ হাজার মানুষ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে একে একে মিছিল নিয়ে আসতে থাকে। মজমপুর ইউপি চেয়ারম্যান বশিরুল আলম এবং বর্তমান মেয়র আনোয়ার আলীর নেতৃত্বে হাজার হাজার লোক ডিসি কোর্ট চত্বরে জমায়েত হয়ে স্লোগান দিতে থাকে। এ সময় কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ করে। বিক্ষুব্ধ জনতাও পুলিশের ওপর পাল্টা হামলা করে।পরে পুলিশ, ডিবি ও র‍্যাব তাদের সদস্য বৃদ্ধি করে আবার জনতার ওপর লাঠিচার্জ করলে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। এ সময় র‍্যাব ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বিক্ষুব্ধ জনতা ডিসি কোর্টেও ভাঙচুর চালায়। আহত হয় স্থানীয় আন্দোলনের বাজার পত্রিকার ফটোসাংবাদিক জালাল খোকন এবং দুজন পুলিশ কনস্টেবলসহ প্রায় অর্ধশত মানুষ।সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘আমরা জনগণকে অনুরোধ করি, আপনাদের মধ্য থেকে কয়েকজন গিয়ে স্মারকলিপি জমা দেন। কিন্তু আমাদের অনুরোধ অমান্য করে হাজার হাজার জনতা প্রশাসনের কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ প্রথমে লাঠিচার্জ করেছে।’র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার এস এম কামরুজ্জামান জানান, এ সময় র‍্যাবের একটি গাড়িতে ভাঙচুর করেছে জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সরকারি সম্পদ রক্ষার্থে র‍্যাব ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।