কুষ্টিয়ায় পুলিশের অভিযানে দুই যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বড়বাড়িয়া গ্রামে পুলিশের অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, গত মঙ্গলবার দিবাগত রাতে ‘বন্দুকযুদ্ধের’ সময় তাঁদের মৃত্যু হয়। তাঁরা আন্তজেলা অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য।নিহত যুবকেরা হলেন দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের লিটন আলী (২৮) ও মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের রাজা (২৭)।জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভাষ্যমতে, মঙ্গলবার রাত ১২টার দিকে জেলা ডিবি ও মিরপুর থানার পুলিশ জানতে পারে, বড়বাড়িয়া গ্রামের মাঠে একদল অপহরণকারী অস্ত্রসহ অবস্থান করছে। সঙ্গে সঙ্গে গোয়েন্দা ও মিরপুর থানার পুলিশ সেখানে অভিযান চালায়। মাঠের কাছাকাছি যাওয়ামাত্র অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট বন্দুকযুদ্ধের পর অপহরণকারীরা পালিয়ে যায়।পুলিশ জানায়, গুলির শব্দ শুনে আশপাশের লোকজন জড়ো হয়। মাঠে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। সেখান থেকে দেশে তৈরি দুটি এলজি, বন্দুকের পাঁচটি গুলি ও ছয়টি ককটেল উদ্ধার করে পুলিশ।ময়নাতদন্তের জন্য মিরপুর থানার পুলিশ রাতেই লাশ দুটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। বন্দুকযুদ্ধের সময় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাবুদ্দিন ও ডিবির কনস্টেবল রনবী আহত হন। তাঁদের কুষ্টিয়া পুলিশ লাইনস হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।বন্দুকযুদ্ধে দুজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার সি এ হালিম। তিনি প্রথম আলোকে বলেন, নিহত রাজা ও লিটন আন্তজেলা অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তাঁরা বিভিন্ন সময়ে মানুষ অপহরণ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। না দিতে পারলে খুন করে লাশ গুম করে ফেলতেন।সি এ হালিম বলেন, রাজার বিরুদ্ধে মেহেরপুর সদর, গাংনী ও কুষ্টিয়ার মিরপুর থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ ১১টি মামলা রয়েছে। একই অভিযোগে লিটনের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।