কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গণমুক্তিফৌজের ‘কিলার’ নিহত
কুষ্টিয়া সদর উপজেলায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী সংগঠনের এক কর্মী নিহত হয়েছেন। নিহত মিলন ফকির ওরফে জীবন (২৪) সদর উপজেলার শিমুলিয়া গ্রামের দরবেশ ফকিরের ছেলে। পুলিশের দাবি মিলন ছিলেন চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের একজন সক্রিয় ‘কিলার’ (আততায়ী)। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, বন্দুকের ছয়টি গুলি, দুটি গুলির খোসা ও দুটি ককটেল উদ্ধার করে।সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়া পুলিশের গোয়েন্দা শাখা ও সদর থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে গণমুক্তিফৌজের সক্রিয় কিলার মিলন আট-দশজন সঙ্গী নিয়ে উপজেলার স্বস্তিপুর গ্রামের জনৈক আমানুল্লাহ একটি বাঁশবাগানে সশস্ত্র অবস্থায় গোপন বৈঠক করছেন। এই সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। চরমপন্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁদের ওপর গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধের পর চরমপন্থীরা পালিয়ে যায়। গোলাগুলির শব্দে ঘটনাস্থলে জড়ো হওয়া গ্রামবাসী ও পুলিশ ঘটনাস্থলে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। তারা লাশটি মিলনের বলে শনাক্ত করে। পুলিশ মিলনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, গতকালের বন্দুকযুদ্ধে দুই পক্ষের মধ্যে অর্ধশতাধিক গুলিবিনিময় হয়। তিনি আরও বলেন, নিহত মিলন গণমুক্তিফৌজের হয়ে মানুষ হত্যা করতেন। তাঁর বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় চারটি হত্যা ও একটি চাঁদাবাজির মামলাসহ বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা ছয়টি মামলা রয়েছে।