কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গতকাল শুক্রবার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আমজাদ হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, বোমা ও গুলি উদ্ধার করে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার সি এ হালিমের দাবি, আমজাদ চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর শীর্ষস্থানীয় নেতা কসাই সিরাজের সেকেন্ড ইন কমান্ডার ছিলেন। তিনি জেলা পুলিশের তালিকাভুক্ত পলাতক সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে মিরপুর থানায় চারটি হত্যা মামলা আছে। তিনি মিরপুর উপজেলার নগরবাকা গ্রামের সাদ আহমেদের ছেলে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপারের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলা ও মিরপুর থানার পুলিশ মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের ভেদামারি গ্রামের জনৈক সাবের আলীর ইপিল ইপিল বাগানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ২০ মিনিট পুলিশের সঙ্গে চরমপন্থীদের এ বন্দুকযুদ্ধ চলে। পরে ওই এলাকার মানুষ ও পুলিশ সেখানে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে। মৃতদেহটি আমজাদ হোসেনের বলে শনাক্ত করা হয়।সহকারী পুলিশ সুপার আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, চারটি ককটেল বোমা, সাতটি বন্দুকের গুলি, নয়টি রাইফেলের গুলি ও বন্দুকের গুলির তিনটি খোসা উদ্ধার করে। মিরপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।