কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত
কুষ্টিয়ার সদর উপজেলায় আজ সোমবার ভোর চারটার দিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন। তাঁর নাম মঞ্জুরুল ইসলাম (২৭)। পুলিশের দাবি মঞ্জুরুল চরমপন্থী সংগঠন গণবাহিনীর (জাসদ) আঞ্চলিক কমান্ডার। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজিসহ পাঁচটি রাইফেলের তাজা গুলি উদ্ধার করে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম জানান, কুষ্টিয়া গোয়েন্দা শাখা ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানাপুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মঞ্জুরুল ইসলাম ৮-১০ জন সঙ্গী নিয়ে উপজেলার পিয়ারপুর ক্যানেলপাড়ের একটি কলাবাগানে নাশকতা সৃষ্টির লক্ষ্যে সশস্ত্র অবস্থায় গোপন বৈঠক করছে। পুলিশ সেখানে অভিযান চালায়। চরমপন্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের সময় উভয়পক্ষের মধ্যে প্রায় অর্ধশতাধিক গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে মঞ্জুরুলের মৃতদেহ উদ্ধার করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুন রহমান ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, নিহত মঞ্জুরুল ঝিনাইদহ জেলার শৈলকুপা ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার বিভিন্ন গ্রামের লোকজনকে হুমকি দিয়ে চাঁদাবাজি করত। চাঁদা না পেয়ে মানুষ হত্যা করত। তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে শৈলকুপা ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় চারটি হত্যাসহ আটটি মামলা রয়েছে।