কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গতকাল শনিবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবদুল খালেক ওরফে ঝড়ু (৩০) নামের এক চরমপন্থী রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন নির্মল ও বাশার নামের দুই পুলিশ সদস্য। পুলিশের দাবি, নিহত আবদুল খালেক ছিলেন নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের আঞ্চলিক কমান্ডার। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, পাঁচটি তাজা গুলি, তিনটি গুলির খোসা ও একটি তলোয়ার উদ্ধার করে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কুষ্টিয়া পুলিশের গোয়েন্দা শাখা ও কুমারখালী থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে গণমুক্তি ফৌজের অন্যতম সদস্য আবদুল খালেক ৮-১০ জন সঙ্গী নিয়ে উপজেলার কবুরাট গ্রামের মোকাদ্দেস মোল্লার একটি কলাবাগানে সশস্ত্র অবস্থায় গোপন বৈঠক করছেন। এই সংবাদ পেয়ে পুলিশ ওই কলাবাগানে অভিযান চালায়। সেখানে বৈঠকরত গণমুক্তি ফৌজের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট ধরে বন্দুকযুদ্ধ চলার পর চরমপন্থীরা পিছু হটে ও পালিয়ে যায়।পুলিশ ঘটনাস্থল থেকে আবদুল খালেকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত খালেকের বাড়ি ওই কবুরাট গ্রামেই।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, আবদুল খালেকের বিরুদ্ধে কুমারখালী ও কুষ্টিয়া সদর থানায় তিনটি হত্যা মামলাসহ অন্তত সাতটি মামলা রয়েছে।