কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘গুলিবিনিময়’, চরমপন্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে গতকাল শনিবার রাতে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচটি বোমাসহ আকরাম হোসেন (২১) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ রোববার সকালে তাঁর বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা হয়েছে। পুলিশের দাবি, আকরাম পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের সক্রিয় ক্যাডার। তাঁর বিরুদ্ধে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় দুটি হত্যা এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি হত্যা মামলা রয়েছে। তিনি সদর উপজেলার বামন গ্রামের বাহার আলীর ছেলে।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম জানান, একদল সন্ত্রাসী সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের জনৈক আজিজের ইটভাটায় বৈঠক করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ গতকাল রাত দুইটার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে আকরামকে গ্রেপ্তার করলেও তাঁর অপর দুই সহযোগী নবীন ও আতিয়ার পালিয়ে যান। এ সময় পুলিশ আকরামের কাছ থেকে পাঁচটি বোমা উদ্ধার করে।