কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নিহত
কুষ্টিয়ার সদর উপজেলায় গতকাল শনিবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলমগীর মণ্ডল (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, বন্দুকের পাঁচটি গুলি, চারটি গুলির খোসা, একটি রামদা, একটি ছোরা, একটি চাইনিজ কুড়াল ও পাঁচটি ককটেল উদ্ধার করে।পুলিশ জানায়, নিহত আলমগীর মণ্ডল সদর উপজেলার বটতৈল গ্রামের মিলপাড়ার হাসান মণ্ডলের ছেলে। তিনি চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের শ্যুটার সদস্য ছিলেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানান, আলমগীর আট থেকে ১০ জন সঙ্গী নিয়ে উপজেলার আলামপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের একটি কলাবাগানে গোপন বৈঠক করছেন—এই সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় তাঁরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ২০ মিনিট ধরে চলে এই বন্দুকযুদ্ধ। পরে পুলিশ ঘটনাস্থলে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। লাশটি আলমগীরের বলে শনাক্ত করা হয়। সেটিকে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আলমগীরের বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে সাতটি মামলা রয়েছে।