কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নিহত
কুষ্টিয়া সদর উপজেলায় গত মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম শহীদুল ইসলাম (২৮), বাড়ি সদর উপজেলার স্বস্তিপুর ভাদালিয়া গ্রামে।পুলিশের দাবি, নিহত শহীদুল চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের সক্রিয় সদস্য।কুষ্টিয়া সদর থানা পুলিশের ভাষ্যমতে, নাশকতার উদ্দেশ্যে চরমপন্থী সংগঠনের সদস্যরা স্বস্তিপুর গ্রামের একটি বাঁশবাগানে সশস্ত্র অবস্থায় বৈঠক করছে, এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট গোলাগুলির পর চরমপন্থীরা পিছু হটে। পরে পুলিশ ঘটনাস্থলে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। গ্রামবাসী লাশটি শহীদুলের বলে শনাক্ত করে।পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচটি বোমা, বন্দুকের পাঁচটি গুলি, রাইফেলের সাতটি গুলি ও বন্দুকের গুলির পাঁচটি খোসা উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য শহীদুলের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম প্রথম আলোকে বলেন, নিহত শহীদুলের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় দুটি হত্যা মামলাসহ ছয়টি মামলা রয়েছে।হালিম বাহিনীর প্রধান গ্রেপ্তারআমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখা, সদর থানা ও দর্শনা তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সন্ত্রাসী হালিম বাহিনীর প্রধান আবদুল হালিমকে (৩৫) গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দর্শনা পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামে। তাঁর কাছ থেকে একটি শাটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়।পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া হালিমের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, বোমাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অভিযোগে চুয়াডাঙ্গার বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। হালিম জেলা গোয়েন্দা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।