কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একটি চরমপন্থী সংগঠনের আঞ্চলিক কমান্ডার নিহত হয়েছেন। পুলিশের দাবি, আবদুল আলীম চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর আঞ্চলিক কমান্ডার ছিলেন। সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, বন্দুকের পাঁচটি গুলি, পাঁচটি গুলির খোসা, একটি তলোয়ার ও চারটি ককটেল উদ্ধার করে।মিরপুর থানা পুলিশ দাবি করে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে কুষ্টিয়া পুলিশের গোয়েন্দা শাখা ও মিরপুর থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে আবদুল আলীম ৮/১০ জন সঙ্গীসহ পোড়াদহ ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের একটি কলাবাগানে সশস্ত্র অবস্থায় জড়ো হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। বৈঠককারীরা পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁদের ওপর গুলি চালাতে শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধে চরমপন্থীরা পুলিশের আক্রমণ প্রতিরোধ করতে না পেরে এক পর্যায়ে পিছু হটে। গোলাগুলির শব্দে আশপাশের মানুষ ঘটনাস্থলে জড়ো হতে থাকে। এ সময় এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখেন। তাঁরা লাশটি আবদুল আলীমের বলে শনাক্ত করেন। বৈঠকে উপস্থিত অন্যান্য চরমপন্থীরা পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ আবদুল আলীমের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো কে বলেন, নিহত আব্দুল আলীম কুষ্টিয়ার বিভিন্ন এলাকার গ্রামবাসীদের ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে তিনি হত্যাও করতেন বলে দাবি করেন মেহেদী হাসান। ওই বন্দুকযুদ্ধের সময় দু পক্ষের মধ্যে প্রায় অর্ধশতাধিক গুলি বিনিময় হয়। তিনি আরও বলেন, আব্দুল আলীমের বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় তিনটি হত্যা, দুটি চাঁদাবাজি ও দুটি অস্ত্র মামলা রয়েছে। এছাড়া তাঁর নামে রয়েছে আরও কয়েকটি সাধারণ ডায়েরি।