কুষ্টিয়ায় পৃথক দুটি সংঘর্ষে ছয় পুলিশসহ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় পৃথক দুটি স্থানে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে কৃত্তিনগর ও রাজাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পুলিশের ভাষ্যমতে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল নয়টার দিকে আবদালপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আলফাজ মিয়া ও পিয়ারপুর গ্রামের চপল মাস্টারের নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইবি থানা পুলিশের এএসআই গোপাল চন্দ্রসহ পুলিশের ছয় সদস্য ও রাজাপুর গ্রামের আলফাজ বিশ্বাসের ছেলে ইয়াকুব আলী (৩৫), মফিজুল ইসলাম (৩০), আলম বিশ্বাস (৩৩), আলী হোসেন (৩০), জানু মিয়াসহ অন্তত ১০ জন আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। এ ছাড়া গোপালকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।কুষ্টিয়ার অতিরিক্তি পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে সকালে একই এলাকার হরিনারায়ণপুর ইউনিয়নের কৃত্তিনগর গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধে স্থানীয় মোতালেব মণ্ডলের নেতৃত্বধীন ২০-২৫ জনের একটি দল প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষ মোকাদ্দেস আলীর ছেলে আক্তারুজ্জামানসহ (৩০) অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন।কুষ্টিয়ার ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই দুটি এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।