কুষ্টিয়ায় পৌর মেয়রের বিরুদ্ধে সাধারণ ডায়েরি
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-রাজস্ব) ফজলুর রহমানকে গালিগালাজ করা হয়েছে—এমন অভিযোগে মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজস্ব বিভাগের অর্পিত সম্পত্তির শাখা সহকারী শেখ সিহাব উদ্দিন এ অভিযোগ করেন। পরে তা সাধারণ ডায়েরি হিসেবে লিপিবদ্ধ করা হয়।এতে কুষ্টিয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ার আলীসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়।অভিযোগের তালিকায় থাকা অন্যরা হলেন: কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সার্ভেয়ার আবদুল মান্নান, আল আসাদ রিমন, আবু তৈয়ব বাদশা, একরামুল হক, ইবি তথ্য শাখার রাশেদুজ্জামান খান, আবদুল মান্নান, জিল্লুর রহিম, মাহফুজুর রহমান তোতা, বুলবুল ও রাসেল।কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজউদ্দিন আহম্মেদ প্রথম আলো অনলাইনকে বলেন, ‘জেলা প্রশাসক স্বাক্ষরিত মামলা অগ্রগামীকরণপত্রসহ একটি অভিযোগপত্র পেয়েছি। তা সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। তদন্ত করে পরে মামলা করা হবে।’শহরের বড়পিট খালটি নালা হিসেবে ব্যবহার করতে জেলা প্রশাসকের কাছে জমি অধিগ্রহণের প্রস্তাব দেয় পৌরসভা। কিন্তু সেটি অনুমোদন না হওয়ায় পৌর মেয়র আনোয়ার আলী গতকাল সোমবার বিকেলে মুহম্মদ ফজলুর রহমানকে প্রথমে মুঠোফোনে, পরে তাঁর কার্যালয়ে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।আজ সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে জেলার আইনশৃঙ্খলা-বিষয়ক এক বৈঠক হয়। শুরুতেই জেলা প্রশাসক গতকালের ঘটনার ব্যাপারে সবাইকে জানান। বক্তারা এ ঘটনার নিন্দা জানিয়ে অভিযোগ ওঠা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেন।মেয়র সম্পর্কে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল ইসলাম বলেন, ‘মেয়র মুক্তিযোদ্ধা কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। আওয়ামী লীগের কোনো চরিত্র মেয়রের মধ্যে নেই।’ বৈঠকে পুলিশ সুপার মফিজউদ্দিন আহম্মেদ, বিজিবির কর্মকর্তা আরমান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলার সুশীল সমাজের প্রতিনিধিসহ জেলা-উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে মেয়র আনোয়ার আলীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না।