কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় লক্ষ্য করে তিনটি বোমাসদৃশ বস্তু ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল শুক্রবার রাত সোয়া নয়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার দোস্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার পুলিশ বোমাসদৃশ বস্তু তিনটি উদ্ধার করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম এ মোমিন মণ্ডল নির্বাচনী গণসংযোগ শেষে গতকাল রাত নয়টার দিকে তাঁর দোস্তপাড়ার নির্বাচনী কার্যালয়ে ফিরে আসেন। সেখানে কর্মীদের সঙ্গে আলোচনা শুরুর কয়েক মিনিট পরেই একটি বোমাসদৃশ বস্তু ক্যাম্পের কাছে এসে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর দুই থেকে তিন মিনিট পর ওই ক্যাম্পের পাশের রাস্তায় একটি মোটরসাইকেল থেকে আরও দুটি বোমাসদৃশ বস্তু ছোড়া হয়।চেয়ারম্যান প্রার্থী মোমিন মণ্ডল প্রথম আলোকে বলেন, বিষয়টি তাত্ক্ষণিক সদর থানার পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে এগুলো উদ্ধার করে। তিনি অভিযোগ করেন, নির্বাচন থেকে সরিয়ে দিতে ও তাঁর নির্বাচনী প্রচারণায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ প্রার্থীরা এমনটা করতে পারে।কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওবাইদুল হক প্রথম আলোকে বলেন, কালো টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো পরিত্যক্ত মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে, আতঙ্ক ছড়াতে এমনটি করা হয়েছে।