কুষ্টিয়ায় বাস উল্টে খাদে পড়ে নিহত ৬, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-পাবনা মহাসড়কে তালবাড়িয়া নামক স্থানে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গিয়ে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহত যাত্রীদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।আজ শনিবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তত্পরতা চালাচ্ছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া থেকে যাত্রীবাহী একটি বাস পাবনা যাচ্ছিল। পথিমধ্যে মিরপুর উপজেলার তালবাড়িয়া নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ছয়জন নিহত হন। আহত হন ৩০ জন।পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছয়জনের লাশ উদ্ধার করেছে। তাঁদের মধ্যে একজনের বাড়ি পাবনা আতাইকুলা গ্রামে। বাকিদের পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, উদ্ধারকাজ জোরগতিতে চলছে। তবে খাদে পানি থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।