কুষ্টিয়ায় বাসশ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে আজ শনিবার সকালে পুলিশ ও বাসশ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। একটি হত্যা মামলায় বাসের এক সহকারী চালককে আটকের ঘটনার জের ধরে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক ওবাইদুর রহমান বলেছেন, পরিস্থিতি এখন শান্ত। পুলিশ তিনজন বাসশ্রমিককে আটক করেছে।কুষ্টিয়া মডেল থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শনিবার সকাল আটটার দিকে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে সোহেল আহমেদ (১৯) নামের বাসের এক সহকারী চালককে পুলিশ আটক করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সকাল সাড়ে নয়টার দিকে বাস টার্মিনালের শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা করে। প্রায় ১৫ মিনিট দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া চলে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়েছে।কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক ওবাইদুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত ৩ মার্চ কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন চৌড়হাস মোড়ে লাল চাঁদ নামের এক ব্যক্তি খুন হন। মামলাটি তিনিই তদন্ত করছেন। আজ সকাল আটটার দিকে ওই হত্যা মামলার ব্যাপারে পুলিশ সোহেলকে আটক করে। এ সময় টার্মিনালের শ্রমিকেরা পুলিশের ওপর চড়াও হয়।কুষ্টিয়া মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সারোয়ার জাহান প্রথম আলোকে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।