কুষ্টিয়ায় বিএনপি নেতা নিহত
কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের ইশালমারী গ্রামে জাফর আলী (৪২) নামের বিএনপির এক নেতা ও ইউনিয়ন পরিষদের সদস্যকে (ইউপি) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে এই হত্যার ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ রাত সাড়ে আটটার দিকে জাফর আলী মোটরসাইকেলে কুর্শা ইউনিয়নের ইশালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পথে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে তাঁকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। জাফর আলী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় ব্যক্তিরা মিরপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করে প্রথম আলোকে জানান, ইতিমধ্যে ওই এলাকার চারপাশে সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযান চলছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এই হত্যার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত করতে বলা যাচ্ছে না।’উল্লেখ্য, জাফর আলী মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের ভেদামারী গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ভেদামারী গ্রামের ইউপি সদস্য ও একই ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন।