কুষ্টিয়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষে ৩০ জন আহত
কুষ্টিয়ায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের তিন কর্মকর্তাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে কুষ্টিয়া শহরের নবাব সিরাজদৌলা সড়কে এ ঘটনা ঘটে। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ এ ঘটনায় সাতজনকে আটক করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে জেলা বিএনপি কুষ্টিয়া গণগ্রন্থাগারের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সভা শেষে নেতা-কর্মীরা হেঁটে বড়বাজার এলাকায় গিয়ে অবস্থান নেন। সেখানে জেলা বিএনপির সভাপতি মেহেদী আহম্মেদ সমাপনী বক্তব্য দেন। বক্তব্য শেষ হওয়ামাত্র পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাথর ছুড়তে থাকেন। পুলিশ লাঠি চালিয়ে এবং শটগানের ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা সংঘর্ষ শেষে শতাধিক পুলিশ নবাব সিরাজদৌলা সড়ক দিয়ে ফাঁকা গুলি করতে করতে কুষ্টিয়া মডেল থানার সামনে গিয়ে অবস্থান নেয়। এ ঘটনায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, মডেল থানার উপপরিদর্শক মনির হোসেন ও শাহাদাত হোসেন আহত হয়েছেন।জেলা বিএনপির সভাপতি মেহেদী আহম্মেদ প্রথম আলো ডটকমকে অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ অতর্কিতে নেতা-কর্মীদের ওপর লাঠি চালায়। এতে তিনিসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। তাঁরা বিভিন্ন জায়গায় চিকিত্সা নিচ্ছেন। কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের জানান, বিক্ষোভ সমাবেশের কোনো অনুমতি নেওয়া ছিল না। বিএনপির নেতা-কর্মীরা জঙ্গিদের মতো লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের অর্ধশতাধিক ফাকা গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে।