কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৪ জন আহত
কুষ্টিয়া শহরের গণগ্রন্থাগারের সামনে আজ বুধবার দুপুর ১২টার দিকে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন পুলিশসহ ১৪ ব্যক্তি আহত হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুমারখালী পৌরসভার মেয়র নূরুল ইসলাম, আনসার প্রামাণিক, মাখন প্রামাণিক, আরিফুল ইসলাম, আসকার মোল্লা ও পুলিশের সদস্য আশরাফুল ইসলাম।প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া বিএনপির একাংশের নেতা মিনহাজুর রহমান ওরফে আলোর নেতৃত্বাধীন গ্রুপের একটি মিছিল শহরের প্রধান সড়ক হয়ে গণগ্রন্থাগারের সামনে আসে। তখন পাশেই অবস্থিত জেলা বিএনপি অফিস থেকে সাবেক সাংসদ সোহরাব হোসেন ও মেহেদী আহমেদ ওরফে রুমির সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে মিছিলের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে।মিনহাজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার তৃণমূল নেতা-কর্মীদের এক সভা অনুষ্ঠিত হবে। সে সভায় কেন্দ্রীয় নেতা মঈন খান উপস্থিত থাকবেন। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে শহরে একটি শান্তিপূর্ণ মিছিল বের করলে সোহরাব ও রুমী পক্ষের সমর্থকেরা পুলিশের সহযোগিতায় লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’সাবেক সাংসদ সোহরাব উদ্দিন জানান, মিনহাজুর রহমানের মিছিলটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় মিছিল থেকে তাঁকে ও মেহেদী আহমেদের নামে বাজে স্লোগান দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে শফিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।