কুষ্টিয়ায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কুষ্টিয়ার জনসভা থেকে ফেরার পথে দলের নেতা-কর্মীদের ওপর গতকাল শনিবার রাতে হামলা হয়েছে। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। তাঁদের বহনকারী ২০-২৫টি গাড়িও ভাঙচুর করা হয়। মিরপুর উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খান ফারুক চৌধুরী দাবি করেন, কুষ্টিয়ায় খালেদা জিয়ার জনসভা শেষে গতকাল রাত আটটার দিকে মেহেরপুর, গাংনী, দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার স্থানীয় নেতা-কর্মীরা ফিরছিলেন। কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান বাজার, মিরপুর বাসস্ট্যান্ড ও মিরপুর বাজারে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের গাড়িবহরে হামলা চালান। এ সময় পৃথক তিনটি স্থানে ইট-পাটকেল ও লাঠি দিয়ে প্রায় ২০-২৫টি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী। গাড়িতে থাকা প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, পুলিশের সামনেই বিএনপির গাড়িবহরে হামলা চালানো হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘হামলা হয়েছে এটা চাপানো বা মিথ্যা বলার কিছু নেই। তবে খুবই সামান্য।’ পুলিশের সামনে হামলার বিষয়টি তিনি অস্বীকার করেন। তিনি বলেন, ওই সময় সড়কে পুলিশের টহল ছিল। আহত হওয়া ও গাড়ি ভাঙচুরের ব্যাপারে ওসি বলেন, ‘অনেকে হাইলাইটস হওয়ার জন্য বেশি বেশি বলে।’