কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি জেলে নিহত
কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোক্তার হোসেন (৩২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি জামালপুর গ্রামের বাসিন্দা।আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। ৩২ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক জাহিদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর গ্রামের বেশ কয়েকজন জেলে দুই দেশের সীমান্তে জিরো পয়েন্ট মাথাভাঙ্গা নদীতে মাছ ধরছিল। এ সময় ভারতীয় নাসিরপাড়া সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মোক্তার হোসেন লুটিয়ে পড়লে অন্যরা তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ ঘটনায় কুষ্টিয়া ৩২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আইনুল জামাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ৯০ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন। তিনি দিনের আলোয় জিরো পয়েন্টে গুলি ছোড়ার ব্যাপারে জানতে চেয়েছেন।