কুষ্টিয়ায় বিডিআর বিদ্রোহে অভিযোগ গঠন ২০, ২১ ও ২২ ডিসেম্বর
বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় কুষ্টিয়ার মিরপুর সেক্টর, ৩২ রাইফেল ব্যাটালিয়ন ও ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ৭৩ জন সদস্যের বিচারকাজ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।কুষ্টিয়ায় বিডিআরের মিরপুর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৭-এ আজ সকাল নয়টায় বিচারকাজ শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টার দিকে। এতে সভাপতির দায়িত্বে ছিলেন বিডিআরের কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার।এর আগে সকাল সাড়ে সাতটায় অভিযুক্ত ৭৩ জনকে হাতকড়া পরিয়ে সেক্টর চত্বরে নেওয়া হয়।বিচারক অভিযুক্তদের জানান, আগামী ২৭ দিনের মধ্যে আসামিরা একজন করে বেসামরিক আইনজীবী নিয়োগ দিতে পারবেন। ওই আইনজীবী তাঁদের পরামর্শ দিতে পারবেন, তবে আদালতে কোনো প্রকার কথা বা জেরা করতে পারবেন না।প্রথমে মিরপুর সেক্টরের অভিযুক্ত ১৫ জনকে অভিযোগ পড়ে শোনানো হয়। পরে আদালত আসামিদের উপস্থিতিতে আগামী ২০ ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করে ওই দিন সকাল সাড়ে আটটা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন।তারপর সকাল নয়টা ৪৫ মিনিটে একই আদালতে ৩২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার আইনুল জামাল অভিযুক্ত ৪০ জনকে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। আদালত আগামী ২২ ডিসেম্বর তাঁদের অভিযোগ গঠনের দিন ধার্য করে ওই দিন সকাল আটটা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।এরপর তৃতীয় পর্বে চুয়াডাঙ্গার ৩৫ রাইফেল ব্যাটালিয়নের ১৮ জনকে আদালতে নেওয়া হয়। সেখানে তাঁদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান মামলার কৌঁসুলি মেজর আহসান আহমেদ। আদালত একইভাবে তাঁদেরও আগামী ২১ ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করে ওই দিন সকাল সাড়ে আটটা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন।এ সময় আদালতে বিচারক প্যানেলের সদস্য হিসেবে লে. কর্নেল গাজী মো. সালাহউদ্দিন ও মেজর মোহাম্মদ আশফাক হোসেন, অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম এবং বিশেষ কৌঁসুলি শেখ মো. সেলিম ও শাহীদুর রহমান উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা সদর দপ্তরে এবং দেশের বিভিন্ন সেক্টরে বিদ্রোহের ঘটনা ঘটে। ওই বিদ্রোহে কুষ্টিয়া সেক্টরের জওয়ানের বিরুদ্ধে বিডিআর আইনে মামলা করা হয়। গতকাল বুধবার এই বিচারকাজ শুরু হয়। বিদ্রোহীদের বিচারের জন্য কুষ্টিয়া বিডিআর সেক্টরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের তিন স্তরের নিরাপত্তার পাশাপাশি বিডিআর সদস্যরা নিয়োজিত ছিলেন।