কুষ্টিয়া শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজ। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসনের সঙ্গে জরুরি এক বৈঠকে দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীকে মুক্তির আশ্বাস দিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।চেম্বারের সহসভাপতি এস এম কাদেরী শাকিল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসক আবদুল মান্নান দুপুরে চেম্বারের নেতাদের সঙ্গে এক জরুরি সভা করেন। ওই সভায় জেলা প্রশাসক জেলে থাকা ব্যবসায়ীর দণ্ড মওকুফ করে তাঁকে জামিন দেওয়ার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।তবে এ ব্যাপারে জেলা প্রশাসক আবদুল মান্নানের মুঠোফোনে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি।প্রসঙ্গত, গতকাল দুপুরে কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোখলেসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের বড় বাজার এলাকার ব্যবসায়ী চিত্তরঞ্জন পালের ব্যবসাপ্রতিষ্ঠান মিনকো ফ্লাওয়ারে অভিযান চালান। এ সময় প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ প্যাকেটজাত আটা ও চিনি মজুদ দেখতে পান। এ ছাড়া আটার প্যাকেটের গায়ে খুচরা মূল্য উল্লেখ ছিল না। এসব কারণে ভ্রাম্যমাণ আদালত চিত্তরঞ্জন পালকে ছয় মাসের কারাদণ্ড দেন।