কুষ্টিয়ায় ব্যবসায়ী নারীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড় এলাকায় শাহজাদি ফারজানা ওরফে ববি (৩৫) নামের এক গৃহবধূকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ব্যবসায়ী ফারজানার প্রতিষ্ঠানে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। পুলিশ ও এলাকাবাসীর অনেকে জানান, কয়েক বছর ধরে কাটাইখানা মোড় এলাকায় নিজ বাড়িতে ঠিকাদার মোল্লা আল সামসের স্ত্রী শাহজাদি ফারজানার গ্ল্যামার ওয়ার্ল্ড নামের একটি রূপচর্চার প্রতিষ্ঠান (বিউটি পারলার) রয়েছে। গতকাল সন্ধ্যার দিকে কয়েকজন যুবক ওই প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে ফারজানাকে গুলি করে চলে যান। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। অস্ত্রোপচারকক্ষে নেওয়া হলে ফারজানা মারা যান। হাসপাতালে আল সামস প্রথম আলোকে জানান, ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন। কারা কী জন্য তাঁর স্ত্রীকে মারতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘সন্ত্রাসীদের চিনতে পেরেছি, পরে পুলিশকে জানাব।’ আল সামস-ফারজানা দম্পতির দুটি কন্যাসন্তান আছে। কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, আল সামসের দেওয়া তথ্য ও এলাকায় খোঁজ নিয়ে শহরে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। আশা করা যাচ্ছে, দ্রুত সময়ে হত্যার কারণ জানা ও সন্ত্রাসীদের ধরা সম্ভব হবে।