কুষ্টিয়ায় মাতলামির দায়ে ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া বাড়িতে মদ পান করে মাতলামি করার দায়ে রফিকুল ইসলাম শ্যামল নামের একজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিএনপির একাংশের সহসভাপতি এবং একই উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ এ রায় দেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল রাতে লালন আখড়া বাড়িতে লালন তিরোধান দিবসের সমাপনী অনুষ্ঠান চলছিল। এ সময় মূল মঞ্চের পাশেই এক ব্যক্তি মদ পান করে মাতলামি করতে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্যপ্রমাণাদির ভিত্তিতে তাঁকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে রায় দেওয়ার সময় তিনি সুস্থ ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মঞ্চে জেলা প্রশাসকের সহধর্মিণী রাখী ভৌমিক গান পরিবেশন করছিলেন। গান শেষে এক ব্যক্তি তাকে ১০০ টাকা বকশিশ দিতে যান। এ সময় তিনি টাকা নিতে অপারগতা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, জেলা প্রশাসকের সহধর্মিনী গান গাওয়ার আগে কিছু কথা বলছিলেন। এ সময় তাঁকে উদ্দেশ করে এক ব্যক্তি টাকা দিতে যান। তবে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন। জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে থাকা কয়েকজনের বাগবিতণ্ডা হয়।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (কুমারখালী-খোকসা সার্কেল) সি এ হালিম বলেন, গতকাল রাতেই রফিকুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।ভেড়ামারা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও রফিকুল ইসলামের ভাই শাজাহান আলী প্রথম আলোকে বলেন, এটা ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক কোনো ইস্যু বা ক্ষমতার অপব্যবহার হতে পারে। কেননা, মঞ্চে গান করা শিল্পীকে যে কেউ টাকা বকশিশ দিতে পারেন এবং দিতে যান। লালন আখড়া বাড়িতে কমবেশি সবাই মাদক সেবন করে থাকে। এটাকে ব্যক্তিগত আক্রোশে পরিণত করা হয়েছে।