কুষ্টিয়ায় যুবক খুন, গ্রেপ্তার ২
কুষ্টিয়া শহরের চাঁদাগাড়া মাঠের পাশ থেকে আজ শুক্রবার সকালে রেজাউল মোল্লা (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ জুয়েল রহমান (২৪) ও জিকু (১৯) নামের দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীয় লোকজন শহরের চাঁদাগাড়া মাঠের পাশে পানি নিষ্কাশন নালায় ক্ষত-বিক্ষত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সদর থানার পুলিশ সকাল সাতটার দিকে লাশটি উদ্ধার করে। লাশটি রেজাউলের বলে শনাক্ত করা হয়। সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রেজাউলের ভাই জিয়াউর রহমান জানান, তাঁর বাবার নাম ইন্তাজ মোল্লা। তাঁদের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়। তাঁর ভাই চায়ের দোকানি ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাড়ির পাশের কয়েকজন যুবক রেজাউলকে ডেকে নিয়ে যায়। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে রেজাউলকে হত্যা করা হতে পারে। ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।