কুষ্টিয়ায় যুবকের লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় চাঁদাগাড়া মাঠ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে।লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। নিহত যুবক মোস্তাফিজুর রহমান ওরফে কর্নেল (২৪) কুষ্টিয়া পৌরসভার পূর্ব মজমপুরের মতিয়ার রহমানের ছেলে।কুষ্টিয়া মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে পুলিশ জানতে পারে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় পৌরসভার পানি নিষ্কাশন নালার পাশে একজনের ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে। ওই সংবাদ পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। রাতেই পুলিশ শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন—খন্দকার মেহেরুজ্জামান (২০), পারভেজ হুসাইন (২১) ও সাজ্জাদুল বারী (২০)। তাঁদের সবার বাড়ি পূর্ব মজমপুরে।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার সি এ হালিম প্রথম আলো অনলাইনকে বলেন, হত্যায় ব্যবহূত দুটি মোটরসাইকেল ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। থানায় হত্যা মামলা হয়েছে।