কুষ্টিয়ায় যুবলীগের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের আওয়ামী লীগের সাংসদ ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদের বাড়িতে বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার সকালে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জাহিদ হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।বোমা হামলার ঘটনায় ওই রাতেই সাংসদ আফাজ আহমেদের ছোট ছেলে এজাজ আহমেদ বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যার অভিযোগ ও বিস্ফোরকদ্রব্য আইনে দুটি মামলা করেন। জাহিদ দুটি মামলারই এজাহারভুক্ত আসামি। নিহত সিদ্দিক ও আহাদুলকেও মামলায় আসামি করা হয়েছে।সাংসদের বড় ছেলে ও দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ অভিযোগ করেন, এটা রাজনৈতিক চক্রান্ত। দলের বিচ্ছিন্ন কয়েক ব্যক্তি তাঁকে ও তাঁর বাবাকে মেরে ফেলার উদ্দেশ্যেই এই বোমা হামলা চালিয়েছে। এতে বিএনপি-জামায়াত নেতাদের আঁতাত রয়েছে। গত শনিবার রাতের ওই বোমা হামলায় নিহত হন তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশমত আলী (৪২) এবং সিদ্দিকুর রহমান (৪০) ও আহাদুল ইসলাম (৩২) নামের স্থানীয় দুই ব্যক্তি। একই স্কুলের সহকারী শিক্ষক ওবাইদুল ইসলাম (৪২) আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানান, ওবাইদুল আশঙ্কামুক্ত। গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বৈঠকখানার ভেতরে রক্তের ছোপ ছোপ দাগ। দেয়ালে মাংসের খণ্ডাংশ ও বোমার স্প্লিন্টারের আঘাতের চিহ্ন। সোফার গদি ছিঁড়ে গেছে। কক্ষে থাকা কাচের সেলফ ভেঙে চুরচুর।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বোমা বিস্ফোরণে নিহত আহাদুল ও সিদ্দিকের সঙ্গে গ্রেপ্তার হওয়া জাহিদের ঘনিষ্ঠতা ছিল। জাহিদ আগে ফ্রিডম পার্টিসহ একাধিক রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি এলাকায় ‘ফ্রিডম জাহিদ’ হিসেবে পরিচিত। মিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুদ্দিন জানান, জাহিদ একসময় উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।হাসপাতালে চিকিৎসাধীন স্কুলশিক্ষক ওবাইদুল ইসলাম বলেন, তিনি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশমত আলী রাত সোয়া আটটার দিকে সাংসদের বাসায় যান। বৈঠকখানায় সাংসদ আফাজ উদ্দিন আহমেদ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কুদ্দুস ও সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আনারুল ইসলামের সঙ্গে কথা বলছিলেন। তাঁরা গেলে সাংসদ আফাজ বসতে বলেন। একটু পরই কালো জ্যাকেট ও লুঙ্গি পরা এক ব্যক্তি (আহাদুল) বৈঠকখানায় ঢুকে সোফায় বসে পড়েন। এর ১০ মিনিট পর সিদ্দিক প্রবেশ করেন। এ সময় সাংসদ নামাজ পড়ার কথা বলে অন্য কক্ষে যান। সাত-আট মিনিট পর সাংসদ বৈঠকখানায় ফিরলে সিদ্দিক ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে তাঁর সঙ্গে কথা বলতে শুরু করেন। এর পর পরই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ধোঁয়ায় ঘরটি অন্ধকার হয়ে যায়।ঘটনার পর পরই রাতে জেলা প্রশাসক আবদুল মান্নান, কুষ্টিয়ার পুলিশ সুপার একরামুল হাবিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফজলুর রহমান ও র্যা বের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল সকালে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, সিআইডি ও এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, নিহত আহাদুলের কোমরে বিস্ফোরিত বোমাটি চিকন তার দিয়ে বাঁধা ছিল। এর ওপরে গামছা ছিল। আহাদুল সিদ্দিকুরের আপন চাচাতো ভাই। সিদ্দিকুরের বিরুদ্ধে ২০০৩ সালে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা রয়েছে।পুলিশের এক কর্মকর্তা জানান, বিস্ফোরিত বোমাটি খুবই শক্তিশালী ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাপের কারণে এটি বিস্ফোরিত হতে পারে। হামলাকারীদের দুজন কক্ষের ভেতরে ও একজন বাইরে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলার পরিকল্পনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।কুষ্টিয়ার পুলিশ সুপার একরামুল হাবিব বলেন, বিস্ফোরিত বোমাটি দূরনিয়ন্ত্রিত ছিল না। তদন্তের স্বার্থে পুলিশ অপর আসামিদের পরিচয় গোপন রাখছে।এদিকে সাংসদের বাড়িতে বোমা হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবু তাহের বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আজ সোমবার স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মৌন মিছিল ও সমাবেশ করবে।’একসঙ্গে খাওয়া হলো নাবোমা হামলায় নিহত স্কুলশিক্ষক আশমত আলীর স্ত্রী শাহিনা আক্তার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁদের দুই ছেলে। এভাবে স্বামীর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। বারবার মূর্ছা যাচ্ছিলেন। শাহিনা বলেন, ‘বাড়িতে চাল শেষ হয়ে গিয়েছিল। শনিবার বিকেলে বাজার থেকে চাল কিনে বাড়িতে আসেন। সন্ধ্যায় বাইরে গেলে খুবই কম সময়ই আমাকে বলে যেতেন। কিন্তু শনিবার সন্ধ্যায় বের হওয়ার সময় বলেছিলেন, সাংসদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। রাতে এসে একসঙ্গে খাবেন। কিন্তু তা আর হলো না।’ এ কথা বলেই আবার মূর্ছা যান শাহিনা। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসি দাবি করেছেন।শাহিনা জানান, সারা দিন স্কুলেই কাটাতেন আশমত। তিনি ছিলেন একজন কর্মঠ ও নিষ্ঠাবান শিক্ষক।বিকেলে তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ও পরে উপজেলার দৌলতখালী গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আশমত আলীকে দাফন করা হয়। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক ও তাঁর ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল।