কুষ্টিয়ায় রিকশাচালকেরা মানছেন না পৌরসভার ভাড়ার তালিকা
সকাল ১০টা। ক্লাসের সময় হয়ে গেছে। তড়িঘড়ি ঘর থেকে বের হয়ে রিকশায় উঠে কলেজে পৌঁছে রিকশা থেকে নেমে ভাড়া বাবদ চালককে ১০ টাকার একটি নোট দেন ছাত্রী রোমানা ইসলাম। রিকশাচালক তিন টাকা ফেরত দিতেই দুজনের মধ্যে শুরু হয়ে গেল বাগিবতণ্ডা। যাত্রীর দাবি, ভাড়া পাঁচ টাকা। আর রিকশাচালকের দাবি, ভাড়া সাত টাকা। তবে ক্লাসের তাড়া থাকায় রোমানা তিন টাকা নিয়েই ক্লাসে চলে যান। কুষ্টিয়া শহরের রিকশাচালকদের সঙ্গে যাত্রীর ভাড়া নিয়ে এমন ঘটনা প্রতিনিয়তই ঘটছে। মাঝেমধ্যে হাতাহাতিও হয়ে থাকে। পৌরসভা সূত্রে জানা যায়, পৌর এলাকায় যে পরিমাণ রাস্তা আছে, তাতে পাঁচ হাজার রিকশা ও তিন হাজার ভ্যানগাড়ি চলাচল করতে পারে। কিন্তু শহরে প্রায় আট হাজার রিকশা রয়েছে। এগুলোর বেশির ভাগই অননুমোদিত। ডিসেম্বরের ৮ তারিখ পর্যন্ত পৌরসভায় মাত্র দুই হাজার রিকশা ও দেড় হাজারের মতো ভ্যানগাড়ির লাইসেন্স করা হয়েছে। সদর উপজেলার জয়নাবাদ থেকে রিকশার লাইসেন্স করতে আসা আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা যারা রিকশা কিনে লাইসেন্স করাতে এসেছি, তাদের খরচ হচ্ছে বেশি। কিন্তু অনেকে আছে, যারা লাইসেন্স ছাড়াই রিকশা চালায়। এতে করে আমাদের সমস্যা সৃষ্টি হয়।’পৌরসভার লাইসেন্স ইন্সপেক্টর গোলাম সরোয়ার বলেন, শহরের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কিছুদিন আগে শহরের গুরুতপূর্ণ জায়গায় পৌরসভা অনুমোদিত ভাড়ার তালিকার বিলবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। সেগুলো খুবই কমসংখ্যক রিকশাচালকই মানেন। কারণ বছরের কোনো কোনো সময় গ্রামে কাজের অভাব দেখা দিলে অনেকে শহরে রিকশা চালাতে আসেন। গ্রাম থেকে আসা এসব চালকের বেশির ভাগেরই প্রকৃত ভাড়া সম্পর্কে ধারণা থাকে না। রিকশাচালক রিয়াজুল ইসলাম বলেন, ‘সরকারি স্যারদের বেতন বাড়লেও বাড়ে না আমাদের রিকশা ভাড়া। তা ছাড়া নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে, তাতে পৌরসভার দেওয়া তালিকা অনুযায়ী ভাড়া নিলে সংসার চালানো সম্ভব হয় না।’ থানাপাড়ার বাসিন্দা শরীফ বিশ্বাস বলেন, ‘নিত্যপণ্যের মূল্য এখন অনেকটা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে। আর পৌরসভা যে তালিকা দিয়েছে, সেটা সঠিক। প্রতিনিয়তই পৌরসভা অনুমোদিত ভাড়া থেকে দুই-তিন টাকা বেশি দিতে হচ্ছে। যার দরুন অনেক সময় রিকশাচালকদের সঙ্গে ঝগড়া বাধে।’কোর্টপাড়ার বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, শহরে যে হারে রিকশা বেড়েছে, তাতে হেঁটে পথ চলা দায়। অদক্ষ চালকেরা অবৈধ রিকশা চালানোর ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটে। অচিরেই ভাড়ার বিষয়ে পৌরসভার আরও পদক্ষেপ নেওয়া উচিত।পৌরসভার মেয়র আনোয়ার আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা পৌরসভা থেকে অনেক জায়গায় ভাড়ার তালিকা টাঙিয়ে দিয়েছি। মাঝেমধ্যে বিভিন্ন ওয়ার্ড থেকে কাউন্সিলরেরা অবৈধ রিকশা আটক করছেন। ভাড়া মেনে চলার ব্যাপারে অচিরেই আরও পদক্ষেপ নেব।’