কুষ্টিয়ায় রেকর্ড পরিমাণ বৃষ্টি
কুষ্টিয়ায় গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাপ ছিল ২০৮ দশমিক ১০ মিলিমিটার। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুস সাত্তার প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।আবদুস সাত্তার জানান, ২০০৪ সালে সারা দেশে একটানা সাত দিন বৃষ্টি হয়েছিল। তবে সে সময়ের বৃষ্টিপাতের যে রেকর্ড হয়েছিল, সে তুলনায় কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের রেকর্ড সর্বোচ্চ। জেলাটিতে একটানা এতো পরিমাণে বৃষ্টি আগে কখনো হয়নি বলে জানান তিনি।গতকাল রাত ১২টা থেকে আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টানা বৃষ্টিতে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া, কালীশংকরপুর, পেয়ারাতলা, জেলখানা, হাসপাতাল রোড, পূর্ব মজমপুর, পশ্চিম মজমপুর, কাটাইখান মোড়, ছয় রাস্তার মোড়সহ বিভিন্ন এলাকা প্রায় এক ফুট পানির নীচে তলিয়ে গেছে। সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা গেছে।বৃষ্টিপাতে শহরের জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরের অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে পানি ঢুকে যাওয়ায় শিক্ষার্থীরা ক্লাসে যেতে পারছে না। কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক নিভা রানী পাঠক প্রথম আলো ডটকমকে বলেন, রাত থেকে বৃষ্টি হওয়ায় স্কুলে ছাত্রছাত্রীর উপস্থিতি খুবই কম ছিল। এজন্য তেমন কোন ক্লাস হয়নি। পৌর বাজারের কাঁচা তরি-তরকারি বিক্রেতা রহমান শেখ বলেন, বৃষ্টির কারণে বাজারের নিচের অংশ পানি জমে গেছে। এজন্য তরকারি বিক্রি করা যাচ্ছে না। তাছাড়া ক্রেতাও নেই। এ ব্যাপারে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন, সবগুলো নালা দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। তবে বৃষ্টি বেশি হওয়া এটা নিষ্কাশন হতে দেরি হচ্ছে।