কুষ্টিয়ায় র্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরাঞ্চল চিলমারী এলাকায় আজ বুধবার ভোরে র্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হবি কবিরাজ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।পুলিশের দাবি, নিহত হবি ছিলেন পান্নাবাহিনী নামে পরিচিত একটি অপরাধী চক্রের প্রধান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক (এলজি), রাইফেলের সাতটি তাজা গুলি ও পাঁচটি গুলির খোসা, নয়টি বোমা ও দুটি রামদা উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।দৌলতপুর থানার পুলিশ জানিয়েছে, আজ ভোর চারটার দিকে হোসেনাবাদ ক্যাম্পের র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) এবং দৌলতপুর থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে পান্নাবাহিনীর সদস্যেরা দুর্গম চর চিলমারীর বাজুমারা খেয়াঘাটে নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করছেন। ওই সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশ যৌথভাবে সেখানে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাব ও পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব ও পুলিশ পাল্টা গুলি চালায়। প্রায় আধঘণ্টা ধরে এই বন্দুকযুদ্ধ চলে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। পরে ঘটনাস্থল থেকে হবি কবিরাজের লাশ উদ্ধার করা হয়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, উপজেলার চরাঞ্চলের ত্রাস পান্নাবাহিনীর প্রধান পান্না নিহত হওয়ার পর থেকে হবি কবিরাজ দলের নেতৃত্ব দিয়ে এলাকায় নানা ধরনের চাঁদাবাজি ও অপরাধ করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় ছয়টি হত্যা মামলাসহ ১০টি মামলা রয়েছে।