কুষ্টিয়ায় র্যাব-পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার ৮
কুষ্টিয়ায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে মাদক বিক্রেতা, সেবনকারীসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার এ অভিযান চালানো হয়। কুষ্টিয়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) কমান্ডার আবদুল্লাহ আল মেহেদীর নেতৃত্বে ১২ জন সদস্য, কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার সিএ হালিমের নেতৃত্বে গোয়েন্দা শাখা পুলিশের ২৫ জন এবং জেলা পুলিশের ৩৫ জন সদস্য এ অভিযানে অংশ নেন।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার সি এ হালিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, র্যাব ও পুলিশ বেলা সাড়ে ১২টা থেকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পরে আবার অভিযান চালানো হবে বলে তিনি জানান। তিনি আরও জানান, অভিযান পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায় চলবে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অনেক সন্ত্রাসী জেলায় প্রবেশ করেছে। এরই ধারাবাহিকতায় অভিযান চলছে। মাদকসেবনের সময় কয়েকজনকে আটক করা হয়। তাদেরকে থানায় নেওয়া হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শহরের চিহ্নিত কয়েকজন সন্ত্রাসীর বাড়িতে বেলা দেড়টা থেকে অভিযান চালানো হচ্ছে।