কুষ্টিয়ায় র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় র‌্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাইদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি, সাইদুল নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিলেন। তাঁর বাড়ি একই উপজেলার অঞ্জনগাছি গ্রামে। মিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সাইদুল ছয়-সাতজন সঙ্গী নিয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে উপজেলার অঞ্জনগাছি প্রাথমিক স্কুলসংলগ্ন মাঠে গোপন বৈঠক করছেন—এমন খবরের ভিত্তিতে কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের সদস্য ও মিরপুর থানা পুলিশ আজ ভোর চারটার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় চরমপন্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ-র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিটব্যাপী এ বন্দুকযুদ্ধে একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে। এলাকাবাসী লাশটি সাইদুলের বলে শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, রাইফেলের পাঁচটি তাজা গুলি, বন্দুকের চারটি গুলির খোসা, তিনটি ককটেল ও একটি বড় ছোরা উদ্ধার করেছে।মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাইদুলের বিরুদ্ধে মিরপুর থানায় তিনটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।