কুষ্টিয়ায় র্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নিহত
কুষ্টিয়ায় র্যাপিড ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক চরমপন্থী সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আশরাফুল ইসলাম ওরফে মান্দার (৩৫)। আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।পুলিশের দাবি, মান্দার নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর সদস্য।র্যাব-১২ ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার ঝাউদিয়া এলাকার এক মাঠে মান্দার আজ তাঁর সঙ্গীদের নিয়ে গোপন বৈঠক করছেন—এমন খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অভিযান চালায়। ওই সময় সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলি চালায়। পুলিশ ও র্যাবও পাল্টা গুলি চালায়। এতে মান্দার গুলিবিদ্ধ হলেও বাকিরা পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মান্দারের লাশ উদ্ধার করে।এ ছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে একটি রাইফেল, একটি এলজি ও চারটি হাত বোমা উদ্ধার করে।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার সি এ হালিম প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মান্দারের নামে কুষ্টিয়ার বিভিন্ন থানায় চারটি হত্যা, দুটি অপহরণসহ ছয়টি মামলা রয়েছে।লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।