কুষ্টিয়ায় র‌্যাব-পুলিশের সঙ্গে জনতার দফায় দফায় সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া পৌরসভার বর্ধিত সীমানায় পৌর নির্বাচন এবং সেখানে ভোটাধিকারের দাবিতে আন্দোলনরত কয়েক হাজার মানুষের সঙ্গে গতকাল রোববার র‌্যাব ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। র‌্যাব ও পুলিশ লাঠিপেটা করলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে জনতা। এতে সাংবাদিক, পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।জেলা প্রশাসন চত্বরে এ সংঘর্ষে উত্তেজিত জনতা রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। তারা গাড়ি ভাঙচুর করে এবং কুষ্টিয়া-খুলনা, কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-পাবনা মহাসড়ক বন্ধ করে দেয়।ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে সদর থানায় সোপর্দ করেছে র‌্যাব।এ ঘটনায় গতকাল সন্ধ্যা সাতটার দিকে সার্কিট হাউজে জরুরি বৈঠকে বসেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান, পুলিশ সুপার একরামুল হাবিব, র‌্যাব-১২ কুষ্টিয়া শাখার কমান্ডার মেজর এস এম কামরুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাত আটটার দিকে বৈঠক শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নীতিশ চন্দ্র সরকার প্রথম আলোকে জানান, জেলা প্রশাসন চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি ও প্রশাসকের কক্ষে ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রমতে, কুষ্টিয়া পৌরসভার সীমানা বাড়িয়ে সদর উপজেলার বারখাদা, মজমপুর ও জগতি ইউনিয়নের প্রায় ৬৭ হাজার ভোটারকে পৌর নির্বাচনে ভোটাধিকারের সুযোগ দেয় নির্বাচন কমিশন। হঠাৎ করে ৯ ডিসেম্বর বিকেলে পুরোনো ১২টি ওয়ার্ডেই পৌরসভার নির্বাচন হবে বলে প্রজ্ঞাপন জারি করে জেলা প্রশাসন। এতে তিন ইউনিয়নের বাসিন্দারা ক্ষুব্ধ হয়। বর্ধিত সীমানায় নির্বাচন ও তাদের ভোটাধিকারের দাবিতে গতকাল তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলার প্রায় ১৫ হাজার মানুষ সকাল সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি দিতে যায়। মিছিলে ছিলেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, ভোটাধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও মজরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বশিরুল আলম, পৌর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন, জামায়াতে ইসলামীর কুষ্টিয়ার পৌর আমির রফিক উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। তাঁরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে কুষ্টিয়া থানা পুলিশের একটি দল বাধা দেয়। বাধা উপেক্ষা করলে পুলিশ মিছিলে বেপরোয়া লাঠিপেটা করে। পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে জনতা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুষ্টিয়া র‌্যাব-১২-এর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁরাও জনতার ওপর লাঠিপেটা করেন। কয়েক হাজার মানুষ প্রশাসকের কার্যালয়ের নিচতলার কয়েকটি কক্ষের জানালা-দরজার কাচ ভাঙচুর এবং র‌্যাবের ব্যবহূত মাইক্রোবাস ভাঙচুর করে। এ সময় র‌্যাব-১২ কুষ্টিয়া শাখার কমান্ডার মেজর এস এম কামরুজ্জামান পর পর আটটি ফাঁকা গুলি করেন।দফায় দফায় প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় জেলা প্রশাসন ভবনের নিচতলার দরজায় তালা মেরে কর্মকর্তা ও কর্মচারীরা দোতলায় অবস্থান নেয়। সংঘর্ষে ইট ও কাচের আঘাতে র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) মিজানুর রহমান, র‌্যাব সদস্য আইনুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিদর্শক এনামুল হক, স্থানীয় আন্দোলনের বাজার পত্রিকার আলোকচিত্রী জালাল উদ্দিনসহ অন্তত ৩০ জন আহত হয়।নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আরিফ উজ জামান বলেন, জেলা প্রশাসনের কয়েকটি কক্ষের দরজা-জানালা ভাঙচুর হয়েছে।কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী জানান, নির্বাচন কমিশন তিন ইউনিয়নকে গেজেটভুক্ত করলেও হঠাৎ করেই গত সপ্তাহে তাঁদের বাদ রেখেই পুরোনো সীমানাতেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। এতে ওই তিন ইউনিয়নের প্রায় ৬৭ হাজার মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়। গতকাল তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে কিন্তু পুলিশ আন্দোলনকারীদের ওপর বেপরোয়া লাঠিপেটা করে।অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের ভেতর হাজার হাজার মানুষের মিছিল যাওয়ার বিধান নেই। ক্ষুব্ধ জনতা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে সংঘর্ষের ঘটনা ঘটে।র‌্যাব কর্মকর্তা এস এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, জনতা র‌্যাবের মাইক্রোবাসসহ জেলা প্রশাসকের কক্ষে ভাঙচুর চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সরকারি সম্পদ রক্ষার্থে ফাঁকা গুলিবর্ষণ করা ছাড়া উপায় ছিল না।