কুষ্টিয়ায় র্যাব-পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ চরমপন্থী নিহত
কুষ্টিয়া সদর উপজেলায় গতকাল বুধবার রাতে পুলিশ ও র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন চরমপন্থী নিহত এবং পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার খর্দ বাখৈল গ্রামের আলী মণ্ডল (৪৫) এবং অপরজন একই উপজেলার দরবেশপুর গ্রামের মান্নান মোল্লা (৪২)।পুলিশের দাবি, নিহত দুই চরমপন্থী নিষিদ্ধঘোষিত সংগঠন গণমুক্তিফৌজের সক্রিয় সদস্য। তাঁদের বিরুদ্ধে কুষ্টিয়া সদর, মিরপুর ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সি এ হালিম প্রথম আলোকে জানান, গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে সদর থানার পুলিশ ও গোয়েন্দা শাখা পুলিশ এবং র্যাব-১২-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে সদর উপজেলার দরবেশপুর গ্রামে জনৈক জামালের বাঁশবাগানে কিছু চরমপন্থী গোপন বৈঠক করছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ ও র্যাব রাত দুইটার দিকে সেখানে অভিযান চালান। চরমপন্থীরা পুলিশ ও র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলি চালায়। এ সময় পুলিশ এবং র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। প্রায় ১৫ মিনিটের বন্দুকযুদ্ধে একপর্যায়ে চরমপন্থীরা পিছু হটতে বাধ্য হয়। এ সময় গোলাগুলির শব্দে আশপাশের গ্রামের লোকজনও ঘটনাস্থলে জড়ো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।এলাকাবাসী মৃতদেহ দুটি মোহাম্মদ আলী ও মান্নান মোল্লার বলে শনাক্ত করে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, একটি রিভলবার, বন্দুকের সাতটি তাজা গুলি, চারটি রিভলবারের গুলি, আটটি রাইফেলের গুলি, তিনটি গুলির খোসা ও আটটি ককটেল উদ্ধার করে।বন্দুকযুদ্ধের সময় তারিকুল ইসলাম, আশরাফ ও রণবীর নামের পুলিশের তিনজন সদস্য আহত হন। তাঁদেরকে জেলা পুলিশ লাইন হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।